সন্ত্রাস ছড়ালেই চরম পরিণতি! স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাষ্ট্রপতির

বার্তা ডেস্কঃ

দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তান ও তাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদকে কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসবাদ এবং তার সহায়করা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কঠোর পরিণাম ভোগ করতে হবে। বক্তব্যে উঠে আসে ঐতিহাসিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ। রাষ্ট্রপতি উল্লেখ করেন, এই নিখুঁত অভিযান বিশ্বমঞ্চে ভারতীয় সেনার পরাক্রম ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রমাণ করেছে। সেনার এই বীরত্বপূর্ণ পদক্ষেপকে কুর্নিশ জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, ভারতের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটানোর যেকোনো চক্রান্ত সেনাসূত্রে কঠোর হাতে দমন করা হবে।

সন্ত্রাসদমন অভিযানের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তকেও সমর্থন জানান রাষ্ট্রপ্রধান। তিনি জানান, দেশের কৃষককূলের স্বার্থ ও জাতীয় নিরাপত্তাই ভারতের কাছে সর্বাগ্রে অগ্রাধিকার পায়। উল্লেখ্য, ২০২৫ সালে পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৫ জন নিরীহ মানুষের মৃত্যুর পর পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দিয়েছিল সেনা। এই পদক্ষেপের পর সীমান্ত ও জলবণ্টন নিয়ে জটিলতা তৈরি হলেও রাষ্ট্রপতি স্পষ্ট করে দিয়েছেন, ভারতের উদারতাকে যেন কোনোভাবেই দুর্বলতা ভাবা না হয়। জাতীয় স্বার্থরক্ষায় ভারত সর্বদা কঠোর এবং নীতিগত অবস্থানে অটল থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *