জঙ্গলে খতম, তবুও সক্রিয় মগজে নকশাল! স্বাধীনতা দিবসে মোদির কড়া হুঁশিয়ারি!

বার্তা ডেস্কঃ

দেশের অলিগলিতে এখনও ঘাপটি মেরে বসে রয়েছে মাওবাদীরা। জঙ্গলে বন্দুকের নলে নকশালদের দমন করা গেলেও ‘দিমাগি নকশাল’রা সমাজকে ভুল পথে চালিত করার এবং হিংসা ছড়ানোর সুযোগ খুঁজছে। স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাক্‌থন থেকে এই ‘মগজে নকশাল’দের চিহ্নিত করে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন (আইসোলেট) করার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানান, বহু মা-বাবার স্বপ্ন চুরমার করে যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল মাওবাদীরা। বিগত চার দশক ধরে দেশের বিশাল অংশ তাদের দখলে ছিল এবং যুদ্ধের চেয়েও বেশি রক্ত ঝরেছে এই হিংসায়। সাড়ে তিন হাজারের বেশি পুলিশ কর্মী এতে শহিদ হয়েছেন। তবে জেনজি আন্দোলনের আড়ালে লুকিয়ে থাকা এই শহুরে নকশালদের ষড়যন্ত্র নস্যাৎ করে বিকশিত ও সুরক্ষিত ভারত গড়তে সরকার এখন বদ্ধপরিকর।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পরেই দেশকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত করার সংকল্প নেওয়া হয়েছিল। যে মাটিতে একসময় নকশালদের অবাধ বিচরণ ও হিংসা ছিল, সেখানে আজ উন্নয়ন, বিশ্বাস ও প্রয়াসের তেরঙা পতাকাই উড়ছে। একের পর এক সফল অভিযান, এনকাউন্টার এবং আত্মসমর্পণের মাধ্যমে মাওবাদীদের মূল সংগঠনগুলিকে ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। তবে সন্ত্রাসের এই কালো ছায়াকে সমূলে উপড়ে ফেলতে হলে এদের মানসিকতাকে খতম করতে হবে। প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন যে, একটি সুরক্ষিত এবং উন্নত ভারত গড়ে তোলার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই ছদ্মবেশী নকশালদের চিহ্নিত করাই এখন প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *