আইনি পেশায় বেনজির কাণ্ড! একই ব্যক্তির পক্ষে-বিপক্ষে লড়ে পদ খোয়ালেন সরকারি আইনজীবী

বার্তা ডেস্কঃ

বিষ্ণুপুর মহকুমা আদালতে তৈরি হলো নজিরবিহীন আইনি বিতর্ক। দু’টি পৃথক মামলায় একই ব্যক্তির পক্ষে এবং বিপক্ষে সওয়াল করার গুরুতর অভিযোগে দায়িত্ব থেকে সরানো হলো এক স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে। পাত্রসায়রে এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। ওই মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন স্বরূপ পাঁজা। কিন্তু বিতর্ক তৈরি হয় যখন জানা যায়, কয়েক দিন আগেই অন্য একটি মামলায় এই সুব্রতবাবুর পক্ষেই আদালতে সওয়াল করেছিলেন তিনি। আদালতের চোখে এমন জোড়া ভূমিকা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ।

বিষয়টি নজরে আসতেই কড়া অবস্থান নেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক প্রদীপ অধিকারী। তিনি তৎক্ষণাৎ অভিযুক্ত আইনজীবীকে স্পেশাল পাবলিক প্রসিকিউটারের পদ থেকে সরানোর নির্দেশ দিয়ে জেলাশাসককে চিঠি দেন। অন্যদিকে, ঘটনা নিয়ে মুখ খুলেছেন আইনজীবী স্বরূপ পাঁজা। তাঁর দাবি, পুরোনো মামলায় সুব্রতবাবুর হয়ে লড়ার বিষয়টি তাঁর মনে ছিল না। আদালত স্মরণ করিয়ে দেওয়ার পরেই তিনি নিজে থেকে অব্যাহতি নিয়েছেন। এই ঘটনায় আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং সরকারি কৌঁসুলিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *