দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে নয়া দিল্লি যাচ্ছেন তারেক!
বার্তা ডেস্কঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন তারেক রহমান। আগামী সপ্তাহেই তাঁর সম্ভাব্য দিল্লি সফর ঘিরে নয়াদিল্লি ও ঢাকা—দুই দেশেই প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকটি। ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, এই বৈঠকের মাধ্যমে তা দূর হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
দ্বিপাক্ষিক আলোচনায় তিস্তা ও অন্যান্য নদীর জলবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অগ্রাধিকার পেতে পারে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হলে বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার যে বার্তা দিয়েছে, এই সফর তারই একটি বড় পদক্ষেপ হতে পারে।