রাজনীতিতে আসা ভুল ছিল, সন্তানেরা যেন না আসে!

বার্তা ডেস্কঃ

রামপুরহাট: বীরভূমের রাজনীতিতে বড় ধাক্কা! রামপুরহাটের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের ৫ বারের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। রবিবার সকালে রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাড়ির সংলগ্ন কার্যালয়ে তাঁর দেহ দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আশিস বন্দ্যোপাধ্যায় ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৫ বার রামপুরহাট কেন্দ্র থেকে জয়ী হন এবং রাজ্য সরকারের মন্ত্রিত্ব ও বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলান। তবে সাম্প্রতিক নির্বাচনে তিনি বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন।

উদ্ধার হওয়া সুইসাইড নোটে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য ও তাঁর তীব্র আক্ষেপের কথা:

  • দুর্নীতির অভিযোগে ক্ষোভ: আশিস বাবু স্পষ্ট লিখেছেন, তিনি সারাজীবনে কখনও কোনও অবৈধ সুবিধা নেননি বা দুর্নীতিতে জড়াননি। ছাত্রজীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে এক পয়সাও নেননি বলে দাবি করেন তিনি।
  • দলে অবহেলার অভিযোগ: নোটে তিনি উল্লেখ করেন, সাড়ে তিন বছর ধরে TARDA (তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ)-তে তাঁকে কোনও ফাইল দেওয়া হয়নি, টেন্ডার কমিটি বা চেকে স্বাক্ষরের ক্ষমতাও দেওয়া হয়নি। এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হতো না।
  • রাজনীতি নিয়ে আক্ষেপ: রাজনীতির ময়দানে নিজেকে বদনাম করার চেষ্টা চালানো হয়েছিল বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। রাজনীতিতে লেখপড়া ও যোগ দেওয়াকে নিজের “বড় ভুল” বলে বর্ণনা করে, তিনি সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকার বার্তা দিয়ে গেছেন।

নিজের মৃত্যুর জন্য কাউকে সরাসরি দায়ী না করলেও, সুইসাইড নোটে প্রকাশ পেয়েছে তাঁর মানসিক যন্ত্রণা ও অসন্তোষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *