রামপুরহাটে প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, হত্যার অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব বিজেপি-সিপিআইএম!
বার্তা ডেস্কঃ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রামপুরহাটের দলীয় কার্যালয়ের ভিতর থেকে তাঁর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ এবং একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়। উক্ত নোটে তিনি নিজেকে সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে বলে দাবি করেছেন এবং রাজনীতিতে আসাকে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার এক পরিদর্শকালে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, চিঠি মিললেই তা আত্মহত্যা প্রমাণিত হয় না, তিনি খুন হয়েছেন কি না তা গভীরতার সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি, দলে তাঁর মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতার অবদানও স্মরণ করেন তিনি।
অন্যদিক, এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল ও মানসিক চাপের বিষয়টিও প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের একাধিক শীর্ষ নেতা ঘটনার খবর পেয়ে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন। দলীয় নেতৃত্ব দাবি করেছেন, রাজ্যে চলা দুর্নীতি ও সামাজিক কলঙ্কের অপবাদ সহ্য করতে না পেরেই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন এই একনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। আশিস বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো দুর্নীতির দাগ না থাকা সত্ত্বেও যে তীব্র কটূক্তি ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি তাঁকে হতে হয়েছিল, তার ফলেই এই ভয়ংকর পরিণতি ঘটেছে বলে মনে করছেন তাঁর সহকর্মীরা। রাজনৈতিক মহলের একাংশ এবং বিরোধীরাও এই অকালমৃত্যুর পিছনে থাকা প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।