আসানসোলের বন্ধ ঢাকেশ্বরী মিল কি ফিরবে হারানো গৌরবে!
বার্তা ডেস্কঃ
দীর্ঘ কয়েক দশকের নীরবতা ভেঙে আসানসোলের ঐতিহাসিক ঢাকেশ্বরী কটন মিলে নতুন আশার আলো দেখা দিয়েছে। কেন্দ্রের ‘ভব্য’ স্কিমকে সামনে রেখে এই বন্ধ কারখানার পরিত্যক্ত জমিতে বিশ্বমানের এমএসএমই শিল্প পার্ক গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯৫২ সালে দামোদরের তীরে প্রতিষ্ঠিত ৩৫০ একর জমির এই মিল রাজনৈতিক ও প্রশাসনিক অবহেলায় দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তবে বর্তমান প্রশাসনের উদ্যোগে প্রায় ১৪৮ একর দায়ভারমুক্ত জমি চিহ্নিত করে উন্নত পরিকাঠামোয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই শিল্প পার্ক নির্মিত হলে কুলটি ও আসানসোল দক্ষিণের ১৮টি গ্রামের বেকার যুবকদের বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্য প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, এখানে কোনো সিন্ডিকেট রাজ বা তোলাবাজি বরদাস্ত করা হবে না, যাতে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা স্বচ্ছ পরিবেশে আকৃষ্ট হতে পারেন। দীর্ঘদিনের অবহেলা ও সমাজবিরোধীদের তাণ্ডব পেরিয়ে সূর্যনগরের এই প্রাচীন শিল্পাঞ্চল আবার তার পুরনো গৌরব এবং অর্থনৈতিক সচলতা ফিরে পাবে বলেই প্রবলভাবে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।