বেঙ্গালুরুতে ধৃত বাঙালি যুবক, আফগানিস্তান যাওয়ার আড়ালে কি বড় নাশকতার ছক!
বার্তা ডেস্কঃ
অনলাইনে সন্দেহজনক কার্যকলাপ ও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরু থেকে এক বাঙালি যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম আসফুল মালিক (২৫)। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নওপাড়া গ্রামের বাসিন্দা এবং বেঙ্গালুরুর জিগানি এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে জিগানি ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন আসফুল। বোম্মাসন্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় টহলদারি চলাকালীন তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসে তদন্তকারীদের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ফেসবুকের মাধ্যমে আফগানিস্তানের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়েছিল ধৃতের। পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে ওই ব্যক্তির যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আফগানিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদনও করেছিলেন আসফুল, তবে পরে আর্থিক সংকট ও পারিবারিক দায়িত্বের কারণে পরিকল্পনা বাতিল করেন। পুলিশ তাঁর মোবাইল ফোন থেকে বেশ কিছু চ্যাট ও ভয়েস কল উদ্ধার করেছে। এই যোগাযোগের নেপথ্যে কোনো বড় নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।