শ্রাবণের শেষেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! কোন কোন জেলায় নামবে ভারী বৃষ্টি?

বার্তা ডেস্কঃ

একটি নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি নতুন নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুরের মধ্যে এই আবহাওয়ার সিস্টেমটি শক্তি সঞ্চয় করতে পারে, যার জেরে শ্রাবণের শেষলগ্নেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার থেকেই আবহাওয়ার অবনতি হবে এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হলুদ সতর্কতা বহাল রয়েছে।

পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে সোমবার, যখন বৃষ্টির দাপট বেড়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে চরম ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় কমলা সতর্কতা এবং কলকাতা সহ বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রবিবারের পাশাপাশি সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *