শিক্ষা ও নিয়োগের বেহাল দশা নিয়ে গর্জে উঠলেন রামদেব!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের শিক্ষাব্যবস্থা, সরকারি নিয়োগ এবং রাজনৈতিক পরিকাঠামো নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যোগগুরু বাবা রামদেব। হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, দেশ বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একই সাথে তরুণ প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলন ও সাম্প্রতিক সংকট নিয়েও নিজের মতামত জানান তিনি।
রামদেবের অভিযোগ, দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, পাঠ্যবই, বিদ্যুৎ, পানীয় জল ও শৌচাগারের মতো মৌলিক সুবিধার চরম অভাব রয়েছে। এর ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর যেখানে পরিকাঠামো রয়েছে, সেখানেও প্রতিনিয়ত প্রশ্নপত্র ফাঁস ও নকলের ঘটনা ঘটছে।
সবচেয়ে বিস্ফোরক দাবি করে তিনি বলেন, সরকারি চাকরির ৯০ থেকে ৯৯ শতাংশ ইন্টারভিউয়েই চরম দুর্নীতি চলছে। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বিশেষ কোনো গোষ্ঠী, জাতি বা মতাদর্শের মানুষদের সুযোগ করে দেওয়া হচ্ছে। সরকারি চাকরির জন্য ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, একদিকে ‘সত্যমেব জয়তে’ বলা হবে আর অন্যদিকে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হবে—এমন অনিয়ম চলতে থাকলে দেশে আরও বড় আন্দোলনের আগুন জ্বলতে পারে। যদিও তিনি কোনো ধরনের নৈরাজ্য সমর্থন করেন না, তবুও অবিলম্বে এসব অনিয়ম বন্ধের দাবি জানান। এছাড়া দেশের সংসদীয় রাজনীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, শাসক ও বিরোধী দলের আচরণ বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যা দেখে মনে হয় তারা যেন ভারত ও পাকিস্তানের মতো শত্রু ভাবাপন্ন।