স্বাধীনতা দিবসের রাতে মনীষীদের মূর্তিতে হামলা, তাহেরপুরে তুঙ্গে উত্তেজনা!

বার্তা ডেস্কঃ

দেশের ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনের আমেজ কাটতে না কাটতেই নদিয়ার তাহেরপুর থানার মহিষডাঙায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ১৫ আগস্ট রাতের অন্ধকারে স্বাধীনতা দিবসের উৎসবের মাঝেই বিরসা মুণ্ডা এবং ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির একাংশ ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। শনিবার সকালে আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের চোখে বিষয়টি পড়তেই তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিগত বছর করম পুজোর সময়ে স্থানীয়দের উদ্যোগে এই দুই মনীষীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।

ঘটনার খবর পেয়েই রবিবার সকালে মহিষডাঙায় পৌঁছায় তাহেরপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পুরো ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করেছে। পুলিশের উপস্থিতিতেই ভাঙা মূর্তি দুটি মেরামতের কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং ঠিক কী উদ্দেশ্যে এই ভাঙচুর চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তাহেরপুর থানায় ইতিমধ্যই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং রাতের অন্ধকারে ঢুকে পড়া দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন। দুই মনীষীর প্রতি এমন অশ্রদ্ধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *