রোনাল্ডোর বিয়েতে পরিবারের বাধা! মা কেন জানলেন মাত্র ৩০ সেকেন্ড আগে?
বার্তা ডেস্কঃ
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের দীর্ঘ ৯ বছরের একত্রবাসের পর বিয়ের ঘটনায় শোরগোল পড়েছে বিশ্বজুড়ে। পর্তুগালের কাসকাইসে আয়োজিত অত্যন্ত গোপনীয় এই বিবাহানুষ্ঠানে পাঁচ সন্তান ও চারজন সাক্ষী উপস্থিত থাকলেও, ছিলেন না সিআর সেভেনের মা ডলোরেস অ্যাভেইরো কিংবা ভাইবোনেরা। পর্তুগিজ টেলিভিশন সঞ্চালক ক্রিস্টিনা ফেরেরা দাবি করেছেন, রোনাল্ডোর মা ও পরিবারের সদস্যরা এই বিয়ের খবর মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পেরেছিলেন। এই ঘটনায় পর্তুগিজ তারকার সাথে তাঁর পরিবারের দূরত্ব ও বিয়ের অমত নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তীব্র হয়েছে।
অতি গোপনীয় এই বিয়ের খবরটি প্রকাশের পর ফুটবল মহলে ব্যাপক চর্চা শুরু হলেও তাঁদের বৈবাহিক সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ আইনি পদকক্ষেপ। জানা গেছে, বিয়েতে ‘সেপারেশন অফ প্রপার্টি’ নামক বিশেষ একটি চুক্তি করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো কারণে বিচ্ছেদ ঘটলে দু’জনেই নিজেদের সম্পত্তি, আয় ও বিনিয়োগের ওপর পূর্ণ অধিকার বজায় রাখতে পারেন। এতদিন পর সঠিক সময়ে ভালোবাসা পূর্ণতা পেলেও, পরিবারকে দূরে রাখা ও বিয়ের বিশেষ চুক্তি নিয়ে সিআর সেভেনকে কেন্দ্র করে তীব্র আলোচনা চলছে।