জাতীয় সংগীতের অবমাননা! সনিয়াকে নিশানা করে শাহের তোপের পাল্টা জবাব কংগ্রেসের
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’ মাঝপথে থামিয়ে দেওয়ার অভিযোগে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজস্থানের চিতোরগড়ে এক জনসভায় তিনি দাবি করেন, অনুষ্ঠান চলাকালীন সনিয়া গান্ধী জাতীয় গান থামানোর নির্দেশ দেন, যা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনার জন্য কংগ্রেসকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে, কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলীয় মুখপাত্র উদিত রাজ জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অসুস্থ থাকায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, তাই সনিয়া গান্ধী তাঁর জন্য চেয়ার আনার ইঙ্গিত করেছিলেন মাত্র—গান থামানোর কোনো নির্দেশ দেননি। মূল বিষয় থেকে নজর ঘোরাতে বিজেপি মিথ্যা বিতর্ক তৈরি করছে বলে পাল্টা অভিযোগ তুলে কংগ্রেস আরএসএস-এর ইতিহাস এবং জাতীয় পতাকা না তোলার প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেছে।