ঘুমন্ত মেরু ভাল্লুকের শান্তিভঙ্গ, গুনতে হলো ৫ লক্ষ টাকা জরিমানা!

বার্তা ডেস্কঃ

নরওয়ের স্ভালবাদে মেরু ভাল্লুকের ঘুম ভাঙিয়ে এক ব্যক্তিকে গুণতে হলো মোটা অঙ্কের জরিমানা। ঘটনার বিবরণে জানা যায়, জাহাজে যাওয়ার পথে ওই ব্যক্তি একটি ঘুমন্ত মেরু ভাল্লুককে দেখে তার মনোযোগ আকর্ষণের জন্য জাহাজের উচ্চস্বরের ফগহর্ন বাজিয়ে দেন। প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় এই অযাচিত হস্তক্ষেপ প্রশাসনিক নজরে আসতেই নেওয়া হয় কঠোর পদক্ষেপ। আইন অমান্য করায় ওই ব্যক্তিকে গুনতে হয়েছে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ ৩ হাজার টাকা।

প্রসঙ্গত, স্ভালবাদে ১৯৭২ সাল থেকে বন্যপ্রাণী সুরক্ষায় অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে। বিশেষত, মেরু ভাল্লুকদের আকর্ষণ করার উদ্দেশ্যে তাদের বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। উষ্ণায়নের ফলে উত্তর মেরুর এই বিপন্ন প্রজাতির অস্তিত্ব রক্ষায় স্থানীয় প্রশাসন বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। নিজের দোষ স্বীকার করে জরিমানা প্রদানের এই ঘটনাটি কার্যত বার্তা দেয় যে, মানুষের মতো অন্য প্রাণীদেরও নিজস্ব জীবনযাপনের অধিকার রয়েছে এবং তা লঙ্ঘন করলে আইনি কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *