ইউক্রেনে পুতিনের ভয়ংকর প্রতিশোধ, ধ্বংস লক্ষ্মী মিত্তলের কারখানা!

বার্তা ডেস্কঃ

রাশিয়ার ওপর ইউক্রেনের বড়সড় ড্রোন হামলার পরেই ভয়াবহ প্রতিশোধ নিয়েছে মস্কো। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহ-তে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে পুরো এলাকা। এই মারাত্মক হামলায় ধ্বংস হয়ে গেছে ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের মালিকানাধীন ইউক্রেনের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী সংস্থা ‘আর্সেলরমিত্তল’। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এই আকস্মিক হামলায় এখন পর্যন্ত দুই জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চৌদ্দজন। হামলার তীব্রতার জেরে ওই ইস্পাত কারখানার বিদ্যুৎ উৎপাদন এবং ব্লাস্ট ফার্নেসের গুরুত্বপূর্ণ পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি জটিল হওয়ায় কারখানার সমস্ত কার্যক্রম আপাতত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে গত রবিবার রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে প্রায় আট শতাধিক ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন, যাতে ছয়জন রুশ নাগরিকের মৃত্যু হয়েছিল। সেই হামলার কড়া জবাব দিতেই পুতিন বাহিনী জেলেনস্কির হোমটাউনে এই ধ্বংসাত্মক আক্রমণ চালিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে ইউক্রেনজুড়ে বিদেশি বিনিয়োগ ও শিল্প পরিকাঠামো চরম সংকটের মুখে পড়েছে, যার সাম্প্রতিক শিকার হল ভারতীয় শিল্পপতির এই প্লান্টটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *