হাসিনাকে ফেরাতে ভারতের ওপর চাপ, তারেকের সফর ঘিরে তৈরি হলো রহস্য!
বার্তা ডেস্কঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে কূটনৈতিক জট তৈরি হয়েছে। ঢাকার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের হস্তান্তর না করলে এই সফর নিয়ে অনুকূল পরিবেশ তৈরি হবে না। গত রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় এই পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার গত ৫ অগস্ট নয়াদিল্লিতে দেওয়া সাম্প্রতিক মন্তব্য এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে বলে দাবি করেছে ঢাকা।
অন্যদিকে, এই বিষয়ে ভারতের অবস্থানও বেশ স্পষ্ট। সূত্র মারফত জানা গিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে কি না, সেই চূড়ান্ত আইনি সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়। ভারতীয় আইনের আওতায় আনীত অভিযোগগুলি অপরাধ কি না, তা যাচাই করেই আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় দেবে। ফলে দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে এই আইনি প্রক্রিয়ার ওপরই এখন সবার নজর আটকে রয়েছে।