মঙ্গলবার সরবে নিম্নচাপ! তবুও কি কাটছে না দুর্যোগ, একাধিক জেলায় রেড অ্যালার্ট?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে নাগাড়ে চলছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় সক্রিয় এই নিম্নচাপটি মঙ্গলবার সকাল নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার করে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হবে। তবে দুর্যোগ থেকে এখনই মিলছে না সম্পূর্ণ মুক্তি। মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে চরম ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কম-বেশি কমলা ও হলুদ সতর্কতা থাকবে, সঙ্গে বইবে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টিপাত চলবে। আগামী বৃহস্পতিবার থেকে সমগ্র রাজ্য জুড়েই আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে এবং দুর্যোগ কমে আকাশ স্বাভাবিক হওয়ার দিকে এগোবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *