জন্মদিনের কেক কাটার বদলে মর্মান্তিক পরিণতি, মায়ের বকুনিতেই কি ঝরে গেল আঠারোর প্রাণ?

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার জিয়লডাঙা এলাকায় জন্মদিনের দিনেই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কেক কেটে আনন্দ করার পরিবর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ১৮ বছর বয়সি এক কিশোর। মৃত ওই কিশোরের নাম শাকিল মণ্ডল ওরফে রাজা। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের জন্মদিনে সকালে খেলতে বেরিয়ে দেরিতে বাড়ি ফেরায় শাকিলকে বকাঝকা করেছিলেন তার মা। মায়ের বকুনিতে অভিমান করে সে নিজের ঘরে চলে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।

দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয় এবং ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করা হয়। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একমাত্র ছেলের এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জন্মদিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *