উৎসবের আগেই বড় ধামাকা, হলদিয়ায় আসছে ৬,০০০ কোটির মেগা প্রকল্প!

বার্তা ডেস্কঃ

আগামী ১৪ অক্টোবর পূর্ব ভারতের শিল্পচিত্রে এক ঐতিহাসিক দিগন্ত সূচিত হতে চলেছে। প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা অ্যাডপ্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালসের অধীনে গড়ে ওঠা এই মেগা প্রকল্পটি চালু হলে ভারত প্রথম সমন্বিত ফেনলিক্স চেন সুবিধা পেতে চলেছে। সম্প্রতি সংস্থার চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায় শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখেন।

প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতার দিক থেকে এই প্রকল্প ভারতের শিল্পক্ষেত্রে জোড়া ইতিহাস গড়তে চলেছে। এখানে গড়ে উঠেছে দেশের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্ল্যান্ট এবং বৃহত্তম ফেনল উৎপাদন ইউনিট। রাসায়নিক কাঁচামাল হিসেবে ফেনল ও অ্যাসিটোনের চাহিদার বড় অংশ মেটাতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্প বিশেষজ্ঞদের মতে, ডাউনস্ট্রিম শিল্পগুলোতে সহজ কাঁচামাল সরবরাহের পাশাপাশি এটি পূর্বাঞ্চলে বিপুল প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের নতুন দরজা খুলে দেবে। শিল্পনগরী হলদিয়ার পরিকাঠামোকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করানো এই প্রকল্পটি ভারতের পেট্রোকেমিক্যাল মানচিত্রে এক বিশাল মাইলফলক হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *