ডিম হামলার পর পিস্তলের লাইসেন্স নিচ্ছেন কীর্তি আজাদ!
বার্তা ডেস্কঃ
সোমবার নিজের সংসদীয় এলাকা বর্ধমান-দুর্গাপুরে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি ও রাজ্য রাজনীতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সম্প্রতি রাজ্যে শাসক দলের একাধিক নেতাকে লক্ষ্য করে ঘটে চলা ডিম ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। কীর্তি আজাদ বলেন, আত্মরক্ষার অধিকার সবারই আছে এবং সুরক্ষার স্বার্থেই তাঁরা পিস্তলের লাইসেন্স নিচ্ছেন। কোনো আক্রমণ এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও বিরোধীদের সাফ হুঁশিয়ারি দেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের খেলোয়াড় জীবনের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ আরও বলেন, তাঁরা দেশের জন্য লড়াই করেছেন এবং কাউকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক চাপানউতোর নিয়ে কটাক্ষ করার পাশাপাশি বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া আসন্ন দুর্গাপুজোর পর তৃণমূল কংগ্রেস আরও বড়সড় রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাস্তায় নামবে বলেও এদিন স্পষ্ট ইঙ্গিত দেন এই বর্ষীয়ান নেতা।