সীমান্তে ফের বড় তথ্য ফাঁস! ভারতীয় সিম পাচারের নেপথ্যে কি দিনহাটার মিঠু?

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের পরপরই দিনহাটার সীমান্তবর্তী দিঘলটারি এলাকা থেকে মিঠু রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পেশায় কৃষক মিঠুর বিরুদ্ধে ভারতীয় সিমকার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার এবং জাল নোটের কারবারে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। গত রবিবার রাতে নিজ বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সীমান্তে বসবাসের সুযোগ নিয়ে তিনি সাধারণ জীবনযাপনের আড়ালে কোনো আন্তর্জাতিক নেটওয়ার্কের হয়ে কাজ করতেন।

এই চক্রের তদন্তে নেমে গোয়েন্দারা আকবর হোসেন ও ওমর নামে বাংলাদেশের দুই সন্দেহভাজন আইএসআই ‘হ্যান্ডলার’-এর সন্ধান পেয়েছেন, যাঁদের সঙ্গে ঢাকায় পাকিস্তানি দূতাবাসের যোগাযোগ ছিল বলে দাবি। অভিযোগ, নাজিরহাট ও নয়ারহাট সীমান্ত ব্যবহার করে জাল নোট এবং সিমকার্ড পাচারের কাজটি করা হতো। এই ঘটনায় কি সীমান্তে ফের কোনো ‘স্লিপার সেল’ সক্রিয় হয়ে উঠেছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? মিঠুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সীমান্তের এপারে এই চক্রের জাল কতদূর ছড়িয়ে রয়েছে, এখন তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *