অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? বাতিল হওয়া আবেদন ফিরে পেতে দ্রুত করুন এই কাজ!
বার্তা ডেস্কঃ
রাজ্যে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। ১৭ থেকে ২০ অগাস্টের মধ্যে মোট ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে ৩ হাজার টাকা করে পৌঁছে যাবে। প্রথম দিনে টাকা না পেলেও চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে তথ্য যাচাইয়ের পর বাতিল করা হয়েছে প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর নাম। যোগ্য আবেদনকারীরা যাতে তাঁদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য নবান্নের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের জন্য আগামী ১৯ অগাস্ট থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার বিশেষ ক্লেম ও অবজেকশন পোর্টাল। আবেদনকারীরা কেন বাদ পড়েছেন, তার সুনির্দিষ্ট কারণ এই পোর্টালে জানতে পারবেন এবং পুনরায় অনলাইনে সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। সরকার স্পষ্ট করেছে যে বাদ পড়া আবেদনগুলি আবার নতুন করে যাচাই করে দেখা হবে। তাই অযথা আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে নির্ধারিত পোর্টালে সরাসরি অভিযোগ বা আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।