টানা বৃষ্টিতে জোড়াবাগানে ২০০ বছরের পুরনো বাড়ি ধসে মর্মান্তিক মৃত্যু!
বার্তা ডেস্কঃ
মঙ্গলবার ভোরে কলকাতার জোড়াবাগানের মালাপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আনুমানিক ২০০ বছরের পুরনো একটি তিন তলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ে। বিকট শব্দে ভেঙে পড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন প্রায় ১৫-২০ জন বাসিন্দা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ চালিয়ে আটকে থাকা অধিবাসীদের উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের ভারী ইট-পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারান ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। উদ্ধারকাজে গতি আনতে এবং কেউ আটকে আছেন কি না তা নিশ্চিত করতে ডগ স্কোয়াডও ব্যবহার করা হয়।
টানা ভারী বৃষ্টির কারণে জরাজীর্ণ বাড়িটির কাঠামো চরম দুর্বল হয়ে পড়েছিল বলেই প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠোনো হয়েছে এবং ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত জুন মাসেই জোড়াবাগানের কাশীনাথ দত্ত স্ট্রিটে একইভাবে একটি পুরনো বাড়ি ভেঙে চারজন আটকে পড়েছিলেন। দুই মাসের ব্যবধানে আবারও একই ধরনের ভয়াবহ দুর্ঘটনায় পুরো জোড়াবাগান এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।