সল্টলেকে তরুণীকে ধর্ষণ, মুম্বই থেকে গ্রেপ্তার অভিযুক্ত সাব-ইন্সপেক্টর!
August 19, 2026
বার্তা ডেস্কঃ
সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বীরভূমের নলহাটি থানার এক সাব-ইন্সপেক্টরকে গ্রেপ্তার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে ক্ষতিগ্রস্ত তরুণী বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও, প্রাথমিক পর্যায়ে অভিযুক্ত সাব-ইন্সপেক্টর জামিন পেয়ে যান। তবে পরবর্তীকালে বীরভূম জেলা পুলিশের মাধ্যমে তাঁর খোঁজ শুরু করা হলে তিনি আত্মগোপন করেন।
অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিধাননগর পূর্ব থানার পুলিশ মুম্বইয়ে অভিযান চালিয়ে সোমবার ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ট্রানজ়িট রিমান্ডে তাঁকে রাজ্যে ফিরিয়ে এনে মঙ্গলবার বিধাননগর আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।