দেশের শত্রুদের নিকেশ করার ডাক রাজ্যপালের, তুঙ্গে বিতর্ক!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগী নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের ঝড়ের মধ্যেই এবার বিস্ফোরক রাজ্যপাল আর এন রবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে ‘স্মরণে আগস্ট ১৯৪৬ গণহত্যা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের ভেতরে থাকা শত্রুদের চিহ্নিত করে নিকেশ করার তীব্র আহ্বান জানান। বক্তব্যে দেশভাগ ও গণহত্যার জন্য মুসলিম লিগকে দায়ী করে তাদের ক্যান্সারের সঙ্গে তুলনা করেন তিনি। পাশাপাশি মুঘল আমলে মন্দির ধ্বংস, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দু জনসংখ্যা হ্রাস এবং অপারেশন সিন্দুরের সাফল্যের কথাও তুলে ধরেন রাজ্যপাল। এই অনুষ্ঠানে আচার্য তথা রাজ্যপালের নির্দেশমূলক অংশগ্রহণ ও বিষয়বস্তু নিয়ে শিক্ষামহলেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজ্যপালের এই মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, দেশের শত্রু শেষ করার অধিকার সংবিধান দিলেও ব্রিটিশদের অনুগ্রহপ্রার্থীদের কথা স্মরণ করিয়ে রাজ্যপালকে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে সাংবিধানিক মর্যাদা রক্ষার পরামর্শ দেন। অন্যদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যপালের তথ্যের সঠিকতা নিয়ে প্রশ্ন তুলে তকমা রাজনীতির সমালোচনা করেন। বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন কুটার সাধারণ সম্পাদক সাগরময় ঘোষ সভাকে দুর্ভাগ্যজনক বললেও, রেজিস্ট্রার দেবাশিস দাস জানান যে আচার্যের নির্দেশেই অনুষ্ঠানটি হয়েছে এবং সেখানে কোনো সাম্প্রদায়িক কথা বলা হয়নি।