নিউ মার্কেট অগ্নিকাণ্ড: দায় এড়ালেন ফিরহাদ, কাঠগড়ায় প্রশাসন!

বার্তা ডেস্কঃ

কলকাতা: নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা ও প্রশাসনিক কাদা ছোড়াছুড়ি।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, নিয়ম বহির্ভূতভাবে চলা এই হোটেলকে কে ট্রেড লাইসেন্স দিল এবং সিইএসসি (CESC) কীভাবে একটি এসি-র অনুমতি নিয়ে ১০টি চালানোর সুযোগ দিল? প্রাক্তন পুরপ্রশাসনকে নিশানা করে অগ্নিমিত্রা জানান, পুরানো আমলের এসব অনিয়মের বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে।

পাল্টা জবাবে কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (ববি) সাফাই দিয়ে বলেন, “হোটেলের ট্রেড লাইসেন্স কিংবা ফায়ার লাইসেন্স ছিল কি না, তা একজন মেয়রের পক্ষে নিজে খতিয়ে দেখা সম্ভব নয়। ফায়ার অডিট হয়েছে কি না, তা দমকল বিভাগের দেখার কথা।” ফিরহাদের এই মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে যে, তিনি কি পরোক্ষভাবে দায় ঠেলছেন জেলবন্দি প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর দিকে? অভিযোগ উঠেছে, তিন-চার বছর আগেই ওই বহুতলটিকে আবাসন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছিল।

অন্যদিকে, রাজ্য সরকারের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, হোটেলটি কোনো বৈধ অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। তিনি মন্তব্য করেন, আগের সরকারের আমলের ভুল ও অনিয়মের মাশুল আজ সাধারণ মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে। তবে বর্তমান সরকার এই অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *