আরজি কর কাণ্ডে সিবিআইয়ের মেগা অ্যাকশন, জেরা মুখে একের পর এক সহকর্মী!
বার্তা ডেস্কঃ
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে ফের নজিরবিহীন তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। আদালতের নির্দেশে ঘটনার নতুন করে তদন্তে নেমে বুধবার হাসপাতালের একাধিক কর্মী ও আধিকারিককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, ঘটনার রাতে ডিউটিতে থাকা চার জন নার্সসহ মোট ৯ জনকে এদিন মুখোমুখি বসিয়ে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। পরবর্তীতে অন্যত্র বদলি হয়ে যাওয়া দুই কর্মীকেও তলব করে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তকারী এক আধিকারিকের মতে, ঘটনার রাতে এমার্জেন্সি ভবনে উপস্থিত থাকা প্রত্যেককেই ধাপে ধাপে জেরার আওতায় আনা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী চিকিৎসকের দেহ উদ্ধারের পর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে নিহত চিকিৎসকের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, এই ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত ছিল এবং মূল অপরাধীদের আড়াল করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি কলকাতা হাইকোর্ট সিবিআইকে পুনস্তদন্তের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলেছে। বিশেষ করে, ঘটনার রাতে চিকিৎসকের নৈশভোজ থেকে শুরু করে দেহ সৎকার পর্যন্ত প্রতিটি সময়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পুনর্নির্মাণ করে সিবিআই এখন মূল রহস্য উদঘাটনে মরিয়া।