বিড়ি শ্রমিকের সন্তানরা এখন নিট জয়ী, অভাবনীয় সাফল্যে ভাসছে মুর্শিদাবাদ!

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিড়ি শ্রমিক পরিবারের ১৮ জন ছেলেমেয়ে সর্বভারতীয় নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি করতে চলেছেন। জেলার মোট ১২৩ জন কৃতীর মধ্যে কেবল জঙ্গিপুর থেকেই সুযোগ পেয়েছেন ৫০ জন, যার মধ্যে রঘুনাথগঞ্জের ২০, সামশেরগঞ্জের ১৫, সুতির ৯, ফরাক্কার ৫ এবং সাগরদিঘির ১ জন শিক্ষার্থী রয়েছেন। চরম দারিদ্র্য, ভাঙা ঘর, গঙ্গা ভাঙনের আতঙ্ক এবং বিড়ির ঝাঁঝালো গন্ধের মাঝেই এই ছেলেমেয়েদের কঠিন লড়াই স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরছে।

এই সাফল্যের নেপথ্যে রয়েছে চরম কষ্টের গল্প। সামশেরগঞ্জের মীজানুর রহমান ৯৭৬০ র‍্যাঙ্ক করেছেন, যাঁর পরিবার দিনমজুরি ও বিড়ি বাঁধার আয়ে চলে; কোনো কোচিং ছাড়া রাত জেগে ইউটিউব ও পুরনো নোটস পড়ে তাঁর এই জয়। একই এলাকার সুমা খাতুন ১৬৬৮৯ র‍্যাঙ্ক করে দেখিয়েছেন কীভাবে ফুটপাথের ব্যবসা ও বিড়ি শ্রমিকের সংসার থেকেও ডাক্তারির স্বপ্ন পূরণ করা যায়। এছাড়া তানভীর (র‍্যাঙ্ক ২০০), মাহামদুল (র‍্যাঙ্ক ৪৫৪৪), মাসিদুর হোসেন (র‍্যাঙ্ক ৫৪৭৫) এবং হাসিবাতুন নেশা (র‍্যাঙ্ক ১০৮৪৯) জেলাকে গর্বিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *