JPSC পরীক্ষা বাতিল নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ, ১৫ দিনের মধ্যে জবাব তলব সোরেন সরকারের!
বার্তা ডেস্কঃ
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে বড় ধাক্কা খেল হেমন্ত সোরেনের সরকার। সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ১১তম থেকে ১৩তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ফুড সেফটি অফিসার নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আবেদনগুলির শুনানিতে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি নিয়োগে অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে দীর্ঘ প্রায় ২৬ দিন ধরে ঝাড়খণ্ডে জোরদার আন্দোলন চালান পড়ুয়ারা। পরিস্থিতি সামলাতে সোরেন সরকার সম্প্রতি ২২টি নিয়োগ পরীক্ষা বাতিল এবং ২৩টি পরীক্ষায় তদন্তের নির্দেশ দেয়। ২০১৪ সাল থেকে হওয়া একাধিক নিয়োগ প্রক্রিয়াও তদন্তের আওতায় আনা হয়।
তবে এই সার্বিক বাতিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন পরীক্ষায় সফল হওয়া প্রার্থীরা। তাঁদের দাবি ছিল, অনিয়মের তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক, কিন্তু সম্পূর্ণ পরীক্ষা বাতিল করলে নির্দোষ প্রার্থীরা বঞ্চিত হবেন। হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত স্বস্তিতে সফল চাকরিপ্রার্থীরা।
অন্যদিকে, ছাত্র আন্দোলন আপাতত ৬০ দিনের জন্য স্থগিত রাখা হলেও, চাকরিপ্রার্থীরা জানিয়েছেন যে নিরপেক্ষ তদন্ত ও নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত না হলে তাঁরা আবারও রাজপথে নামবেন।