মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এবার কি আদালতের মুখোমুখি হাইকোর্ট?
বার্তা ডেস্কঃ
বিদ্বেষপূর্ণ মন্তব্য সংক্রান্ত মামলায় কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে সশরীরে হাজির না হওয়ায় গত বুধবার কৃষ্ণনগরের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ গ্রহণ করেন। আদালত তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানায়, বিচার বিভাগীয় নির্দেশ অমান্য করার ধারাবাহিক মনোভাবের কারণেই এই পরোয়ানা জারি করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। এমনকি আগামী ২৮ অগাস্টের মধ্যে এই পরোয়ানা কার্যকর করার রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
অন্যদিকে, আদালতের এই নির্দেশের তীব্র বিরোধিতা করে সাংসদ জানান, সংসদের অধিবেশন এবং কৃষ্ণনগর বার অ্যাসোসিয়েশনের বয়কট চলার কারণেই নির্দিষ্ট দিনে তিনি হাজির হতে পারেননি। পরবর্তীতে তাঁর আইনজীবী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ২২৮ ধারায় সশরীরে হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালেও, তা নিষ্পত্তির আগেই তড়িঘড়ি এই পরোয়ানা জারি করা হয়েছে। অত্যন্ত কম সময়ের নোটিশে দিল্লি থেকে কৃষ্ণনগরে সশরীরে পৌঁছে যাওয়াও কার্যত আসাম্ভব ছিল বলে দাবি করেন মহুয়া। বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেই আইনি লড়াই উচ্চ আদালতে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি।