হাফিজ সইদকে বাঁচাতে মরিয়া পাকিস্তান, বাড়ছে আইএসআইয়ের নিরাপত্তা!

বার্তা ডেস্কঃ

২০০৮ সালের মুম্বই হামলায় অভিযুক্ত লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে সম্প্রতি ভারতে অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া শুরু হতেই তার নিরাপত্তা অভূতপূর্ব মাত্রায় বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, অতীতে একাধিকবার খুনের চেষ্টা এবং লস্কর ঘনিষ্ঠদের ওপর প্রাণঘাতী হামলার পর এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তান সরকার তাকে কোট লখপত জেলে বন্দি রাখার দাবি করলেও, প্রকৃতপক্ষে লাহোরের এক হাই-সিকিউরিটি সেফ হাউসে তাকে কড়া সুরক্ষায় মুড়ে রাখা হয়েছে। এমনকি নিজ সংগঠনের সদস্যরাও বহুস্তরের নিরাপত্তা পেরিয়ে তবেই তার দেখা পাচ্ছেন।

বর্তমানে হাফিজ সইদকে লস্করের কোনো ট্রেনিং ক্যাম্প বা উগ্রপন্থী মগজধোলাই কেন্দ্রে সরাসরি যেতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার খাতিরে সব ধরনের সামাজিক আনাগোনা বন্ধ করে তাকে কেবল অত্যন্ত গোপনীয় ভিডিও কলের মাধ্যমে উচ্চপর্যায়ের বৈঠকে যুক্ত থাকার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে মুম্বই মামলায় দোষী সাব্যস্ত হলে ভারতে আনা মাত্রই তার শাস্তি নিশ্চিত। সেই আইনি চাপ এবং ক্রমাগত প্রাণনাশের হুমকির মুখে পড়ে এই কুখ্যাত জঙ্গি নেতাকে বাঁচাত কার্যত দুর্গের মতো নিরাপত্তা বলয় তৈরি করেছে শেহবাজ শরিফের প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *