৫০ টাকার চিনি ৭০ ছুঁতেই বড় পদক্ষেপ, এক ধাক্কায় কমবে দাম?
বার্তা ডেস্কঃ
খুচরো বাজারে চিনির দাম হু হু করে বেড়ে কেজিতে ৭০ টাকার গণ্ডি স্পর্শ করতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেশে চিনির এই মূল্যবৃদ্ধির পেছনে ইথানল উৎপাদনকে দায়ী করা হলেও তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া স্পষ্ট জানান, ইথানল উৎপাদনের কারণে দাম বাড়ছে না, বরং দেশে পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও একটি অংশের অসাধু মজুতদারির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় রাজ্য়গুলিকে বেআইনি কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সুগার মিলগুলিতে আখ মাড়াইয়ের মরশুম এগিয়ে এনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে চালু করা এবং ডিলারদের চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা কমিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রতিকূল আবহাওয়া ও পোকার উপদ্রবের কারণে চিনি উৎপাদন কমে ৩০৬ লাখ টন হলেও তা বার্ষিক চাহিদার তুলনায় যথেষ্ট। তা সত্ত্বেও দেশের বাজারে স্থায়িত্ব বজায় রাখতে এবং অতিরিক্ত সতর্কতা হিসেবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ১০ লাখ টন চিনি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। খাদ্যসচিব ভারতীয় চিনি কল সমিতি এবং সমবায় চিনি কারখানার প্রতিনিধিদের সাথে বৈঠক করে সাফ জানান, দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনও সুযোগ নেওয়া সহ্য করা হবে না। সরকারের এই বহুমুখী কৌশল ও বাজার নিয়ন্ত্রণের কড়া পদক্ষেপে আগামী দিনে চিনির দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।