দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির দাপট, বাড়বে ভ্যাপসা গরম!

বার্তা ডেস্কঃ

নিম্নচাপ শক্তি হারাতেই বঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, যা বর্ষার আবহেই তৈরি করেছে মারাত্মক ভ্যাপসা গরম ও চরম অস্বস্তি। তবে এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর আকাশ মেঘলা থাকবে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

দক্ষিণবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ ও অস্বস্তি কমছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ অতিরিক্ত বেশি থাকায় দিনের বেলায় ঘাম ও ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার দাপট কিছুটা বেশি দেখা যাবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রবিবারেও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বেশি থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি চললেও সামগ্রিক তাপমাত্রা কমার কোনো আশার আলো আপাতত শোনাচ্ছে না আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *