ঘুমন্ত শহরে রক্তের হোলি, রাশিয়ার ড্রোন হামলায় মৃত ১৬!
বার্তা ডেস্কঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-র একটি ব্যস্ত শপিং সেন্টারে দিনের বেলায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই বর্বরোচিত হামলায় অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানঝা জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ জন শিশুই রয়েছে। এ ছাড়া ২৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যাঁর মধ্যে ৫টি শিশুও রয়েছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং প্রাথমিক ধাক্কায় অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন।
পরিস্থিতি আরও জটিল করে প্রথম হামলার প্রায় আধ ঘণ্টা পর উদ্ধারকারী ও এমার্জেন্সি কর্মীদের লক্ষ্য করেই দ্বিতীয়বার ড্রোন দিয়ে আঘাত হানে রুশ বাহিনী। এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ ও ‘জঘন্য অপরাধ’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন এই নৃশংসতার উপযুক্ত ও কঠোর জবাব দেবে। এদিকে রাজধানী কিভসহ মাইকোলাইভেও দফায় দফায় হামলা চলছে। যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করায় আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে।