রান্নাঘরের আগুন দাম, দিশেহারা আমজনতা!

বার্তা ডেস্কঃ

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে তেল, চিনি, ডাল ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, যার জেরে চরম আর্থিক সংকটে পড়েছেন সাধারণ মানুষ। গত এক মাসে চিনির দাম কেজিতে ১৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বহু শহরে ৭০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে পাম তেলের উৎপাদন হ্রাস এবং আমদানির ঘাটতির কারণে তেলের বাজারও অগ্নিমূল্য। পাশাপাশি, দুর্বল বর্ষা ও খরিফ ফসল দেরিতে আসার ফলে পেঁয়াজ এবং বিভিন্ন ডালের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ১০ লক্ষ টন শুল্কমুক্ত চিনি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এবং মজুতদারি রোধে ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ ৪০০ টনের সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অভ্যন্তরীণ জোগান স্বাভাবিক রাখতে চিনিকলগুলোকে নির্ধারিত সময়ের আগেই মাড়াই শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতির এই চাপ বজায় থাকলে আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ আরও বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *