পাহাড় জট খুলতে কেন্দ্রের বড় চমক, স্থায়ী সমাধানে মাঠে নামলেন পঙ্কজ সিং!

বার্তা ডেস্কঃ

দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের জটিল রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হলো কেন্দ্র। সম্প্রতি শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা এবং পাহাড়ের বিধায়ক ও বিভিন্ন গোর্খা সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেন। তিনি জানান, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অবহেলার পর অবশেষে গোর্খা সমাজ সুবিচার পেতে চলেছে। কেন্দ্র সরকারের ওপর আস্থা রেখে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের মনোনীত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং-এর নেতৃত্বে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই মূল চুক্তির চূড়ান্ত রূপরেখা (Drafting) তৈরি করবে, যা গোর্খা সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে।

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন। তাঁর মতে, সাংবিধানিক উপায়ে সমস্যার সমাধানের পথ এবার স্পষ্ট হয়েছে, যদিও চূড়ান্ত ঘোষণা বা খসড়ার বিবরণ কমিটি তৈরির পরেই জানা যাবে।

তবে এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের দাবি, সমাধান ঝুলিয়ে রেখে নতুন কমিটি গঠনের মাধ্যমে কেবল ‘আশ্বাসের রাজনীতি’ করা হচ্ছে। সব মিলিয়ে, পঙ্কজ সিংয়ের নেতৃত্বাধীন এই বিশেষ কমিটি পাহাড়ের স্থায়ী সমাধানে শেষ পর্যন্ত কী প্রস্তাব পেশ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *