বেগুন পোড়া খেয়ে মর্মান্তিক মৃত্যু ৩ জনের, শোকের ছায়া এলাকায়!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় রাতের খাবার খাওয়ার পর এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনায় ৯ মাসের শিশুকন্যাসহ তিন বোনের মৃত্যু হয়েছে। পিপোরা খুর্দ গ্রামের বাসিন্দা বালমুকুন্দ কুশওয়াহার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রুটি ও বেগুনপোড়া খাওয়ার পরই শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। শনিবার তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়। তবে পুলিশকে না জানিয়েই পরিবারের পক্ষ থেকে তড়িঘড়ি মৃতদেহগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়।
শনিবার খবর পেয়ে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনার নেপথ্যে খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে পুলিশ আদালতের অনুমতি সাপেক্ষে কবর থেকে মৃতদেহ তিনটি তুলে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এই চাঞ্চল্যকর মৃত্যুর আসল রহস্য পরিষ্কার হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।