বঙ্গোপসাগরে ডুবল জাহাজ! ২৪ নাবিকের ভাগ্যে কী? উদ্ধার মাত্র ২ জন

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। ‘এমভি ওশান-উইনার’ নামের এই বাল্ক ক্যারিয়ারটি গত ২০ আগস্ট রাত ১০:৩০টায় পারাদ্বীপ বন্দর থেকে ১,৭০০ টন আকরিক লোহা নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন—যার মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক।

২২ আগস্ট সকাল ১১:৪৮ মিনিটে জাহাজটির সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিচালনাকারী সংস্থা ‘ভিক্টরি স্টার গ্রুপ’ থেকে সতর্কবার্তা পাওয়ার পরেই ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে বড়সড় উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠানো হয় কোস্ট গার্ডের জাহাজ ‘বরাদ’, ‘আনমোল’ এবং ‘বিজিত’।

উদ্ধারকারী দল লাইফ র‍্যাফট থেকে ইতোমধ্যে ২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে পেরেছে। তবে বাকি ২২ জন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। আশপাশের এলাকায় যাতায়াতকারী সমস্ত জাহাজকেও সতর্ক করা হয়েছে। জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়; নিখোঁজ নাবিকদের সন্ধানে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান জোরকদমে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *