৬০ দিনের ডেডলাইন শেষ, ট্রাম্পের দাবি মানতে নারাজ ইরান!

বার্তা ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত মেটাতে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা কোনো সমাধান ছাড়াই পার হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান আলোচনা চাইলেও একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর মতো অবস্থায় এখনো পৌঁছায়নি। ওয়াশিংটন যখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরো জোরদার করার পরিকল্পনা করছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য কূটনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলল।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে দাবি করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে ইরানের জয় মেনে নিয়েছে। তবে এর পাশাপাশি তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাম্প্রতিক হামলার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছেন।

দুই দেশের মধ্যে স্থায়ী চুক্তির শর্ত নিয়ে তীব্র মতপার্থক্য স্পষ্ট। ইরানের মূল দাবি—মার্কিন অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া, সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান। বিপরীতে, ট্রাম্প প্রশাসন চাইছে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি ও কৌশলগত বিষয়ে বড় ধরনের ছাড় দেয়। সামরিক সংঘাতের পাশাপাশি বাড়তে থাকা এই অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ শেষ পর্যন্ত দুই দেশের মধ্যকার উত্তেজনা কোন পর্যায়ে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *