অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা, যোগ্য হলেই পাবেন টাকা!

বার্তা ডেস্কঃ

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে এক বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ‘অন্নপূর্ণা যোজনা’র উপভোক্তাদের জন্য আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এই বিশেষ দিনটিকে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে।

মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান, জেলার মহিলারা মহাসমারোহে দিনটি পালন করবেন এবং তিনি নিজে কলকাতায় ১ লক্ষ মহিলাকে সঙ্গে নিয়ে অন্নপূর্ণা দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন। প্রকল্পের সাফল্য তুলে ধরে তিনি জানান, জুন মাসে ২৮ লক্ষ, জুলাইতে ১ কোটি ১৯ লক্ষ এবং চলতি মাসে রেকর্ড ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

ভবানীপুর কেন্দ্রের পরিসংখ্যান দিয়ে তিনি উল্লেখ করেন, স্থানীয় প্রায় ১৪,৫০০-র বেশি মহিলা ইতিমধ্যেই এই যোজনার সুবিধা পেয়েছেন। পাশাপাশি আরও ২,৫০০ জন নতুন আবেদনকারীকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। ফলে সব মিলিয়ে ভবানীপুরের প্রায় ১৭,০০০ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গেছে।

যেসব যোগ্য মহিলারা এখনও টাকা পাননি, তাঁদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “যাঁরা এখনও সুবিধা পাননি, তাঁরা দ্রুত সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করুন। যোগ্য হলে নিশ্চয়ই টাকা পাবেন। এই বিষয়ে আপনাদের ‘ভাই’ শুভেন্দুর ওপর পূর্ণ ভরসা ও বিশ্বাস রাখুন।” অন্নপূর্ণা প্রকল্পকে কেন্দ্র করে তাঁর এই আশ্বাস বার্তা বর্তমানে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *