মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৩০ পড়ুয়া, আইসিইউ-তে ৪ শিশু!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের ইন্দোর জেলার সিনহানা গ্রামের একটি সরকারি স্কুলে মিড-ডে মিলের খাবার খেয়ে ৩০ জনেরও বেশি পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শনিবার দুপুরে ‘কড়ি-চাওয়াল’ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশুর পেটে ব্যথা, বমি, মাথা ঘোরা এবং জ্বর শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি আশঙ্কাজনক দেখে দ্রুত প্রশাসন ও অভিভাবকদের খবর দেওয়া হয়। অসুস্থ ১৯ জন পড়ুয়াকে ইন্দোরের অরবিন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ শিশু এখন বিপদমুক্ত হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউ-তে (ICU) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল স্কুলে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা কি না, তা রিপোর্ট এলে স্পষ্ট হবে। তবে শিশুদের খাবারে এমন চরম গাফিলতির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা।