জেন-জি ছাপিয়ে জেন-আলফাতে নজর, তরুণদের মন জয়ে মোদির নতুন ছক!
বার্তা ডেস্কঃ
ভোটের লাইনে দাঁড়ানোর আগেই ভোটারদের মানসিকতা বুঝতে বড় পদক্ষেপ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জেন-জি প্রজন্মের পাশাপাশি এ বার ১৪ থেকে ১৭ বছর বয়সি জেন-আলফা প্রজন্মকেও নিজেদের রাজনৈতিক পরিসরে টানার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০৩০-এর দশকের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানো হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে সম্প্রতি ৬৫ সদস্যের নতুন জাতীয় টিম গঠিত হয়েছে, যা এই কৌশল বাস্তবায়নে কাজ করবে।
নতুন এই সাংগঠনিক টিমের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ১৪ থেকে ২৫ বছর বয়সিদের নিয়ে দেশজুড়ে ‘যুব সংবাদ’ অভিযান চালানো হবে। এই কর্মসূচিতে প্রথাগত রাজনৈতিক বক্তৃতার পরিবর্তে তরুণদের মুখোমুখি বসে তাঁদের প্রশ্ন শোনা এবং সরাসরি আলোচনার ওপর জোর দেওয়া হবে। নীতীন নবীন, স্মৃতি ইরানি এবং বিনোদ তাওড়ের মতো হেভিওয়েট নেতাদের এই দায়িত্বে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেন-জি প্রজন্ম বর্তমান নির্বাচনের ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হলেও, জেন-আলফাকে এখন থেকেই দলের সঙ্গে যুক্ত করে ভবিষ্যতের ভোটব্যাংক মজবুত করতে চাইছে বিজেপি।