ইউটিউব দেখে পড়াশোনা! অ্যাম্বুলেন্স চালিয়ে আজ সোজা ইসরোয় নদিয়ার দেবজিৎ!

বার্তা ডেস্কঃ

নদিয়ার গাংনাপুরের দেবজিৎ ভদ্র প্রমাণ করলেন যে প্রবল প্রতিকূলতাও কখনো মানুষের স্বপ্নপূরণের পথে বড় বাধা হতে পারে না। শক্তিনগর জেলা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক হিসেবে প্রতিদিন প্রায় বারো ঘণ্টা কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজের লক্ষ্য থেকে একচুলও সরে দাঁড়াননি। নানা অভাব-অনটন এবং ব্যস্ততার মাঝেও কাজের ফাঁকে ও অবসর সময়ে ইউটিউব এবং বিভিন্ন কোচিংয়ের সাহায্য নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন। এর আগে অন্তত পাঁচ-ছয়বার পরীক্ষায় ব্যর্থতার মুখ দেখতে হলেও দেবজিৎ কখনোই আত্মবিশ্বাস হারাননি।

অবশেষে তাঁর এই দীর্ঘদিনের ক্লান্তিহীন পরিশ্রম ও অধ্যাবসায়ের চূড়ান্ত সাফল্য এল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ‘টেকনিশিয়ান বি’ পদে চাকরি নিশ্চিত করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। ছেলের এই অভাবনীয় সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত তাঁর মা চায়না ভদ্র, বাবা দীপক ভদ্র এবং স্ত্রী প্রিয়াঙ্কা ভদ্র। অভাবের সংসারে এই গর্বের মুহূর্ত নতুন আশার আলো জ্বেলেছে, যা এলাকার তরুণ প্রজন্মকেও দারুণভাবে অনুপ্রাণিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *