হাড়োয়ায় বরফ কলে গ্যাস লিক, আতঙ্ক ছড়ালো এলাকায়!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সাপপুকুর গ্রামে একটি বরফ কলে ভয়াবহ গ্যাস লিকের জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার গভীর রাতে ওই কারখানা থেকে অ্যামোনিয়া, নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড মিশ্রিত গ্যাস লিক করায় বাতাস ভারী হয়ে ওঠে। গ্যাসের ঝাঁঝালো গন্ধে স্থানীয়দের চোখ জ্বালা ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। যার জেরে অসুস্থ হয়ে পড়া বহু নারী ও শিশুর মধ্যে থেকে সাতজনকে তড়িঘড়ি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও হাড়োয়া থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যাস নির্গমণের উৎস ও কারণ খতিয়ে দেখছে প্রশাসন। তবে স্থানীয়দের অভিযোগ, গ্যাস ছড়িয়ে পড়ার প্রাথমিক সতর্কতা উড়িয়ে দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। বসতি এলাকার মধ্যে এমন বিপজ্জনক কারখানা গড়ে ওঠায় এবং তা থেকে বারবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় অবিলম্বে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *