স্বামীর ডেথ সার্টিফিকেটের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা, দেবের হস্তক্ষেপে মিলল সমাধান!

বার্তা ডেস্কঃ

ঘাটাল লোকসভা কেন্দ্রের চন্দ্রকোণা এলাকার এক অসহায় বিধবা রীতা আরি স্বামীর মৃত্যুর শংসাপত্র পেতে চরম প্রশাসনিক হয়রানির শিকার হয়েছেন। গত ১১ মার্চ খরিদারী গ্রামের আলু চাষী রাখাল আরি ঋণের দায়ে আত্মঘাতী হওয়ার পর থেকেই পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। স্বামীর মৃত্যুর শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট না মেলায় বিধবা ভাতা কিংবা অন্যান্য সরকারি আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁর স্ত্রী। অসুস্থ শাশুড়ি ও দুই নাবালক সন্তানের দায়িত্ব কাঁধে নিয়ে রীতা দেবী বর্তমানে গবাদি পশু বিক্রি করে ঋণ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।

সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে উপস্থিত হয়ে সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীর কাছে নিজের এই যন্ত্রণার কথা তুলে ধরেন রীতা। শো-এর মঞ্চেই মৃত স্বামীর ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং জানান যে পায়ের চটি ছিঁড়ে গেলেও তিনি এখনো ডেথ সার্টিফিকেট হাতে পাননি। এই ঘটনা সামনে আসতেই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সরকারি আধিকারিকদের এই বিষয়ে এগিয়ে আসার জোরালো আর্জি জানান। নিজের কেন্দ্রের অন্তর্গত এই অসহায় পরিবারের খবর পেয়ে অভিনেতা ও সাংসদ দেব দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন, যা প্রশাসনিক জটিলতা কাটিয়ে এই পরিবারটির জীবনে নতুন আশার আলো দেখাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *