দিল্লির সফদরজংয়ে নয়া ইতিহাস! প্রথমবার রোবটের সাহায্যে বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন

বার্তা ডেস্কঃ

দিল্লির প্রখ্যাত সফদরজং হাসপাতালে চিকিৎসাব্যবস্থায় এক নতুন ও ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। এই প্রথমবার হাসপাতালটির সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিকস ও বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজে সম্পূর্ণ আধুনিক রোবটের সাহায্যে হাঁটুর জটিল প্রতিস্থাপন বা টোটাল নী রিপ্লেসমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনার আওতায় ৭৫ বছর বয়সী এক আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রবীণ ব্যক্তির ওপর এই ব্যয়বহুল অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। অধ্যাপক ডঃ সুমিত সুরলের তত্ত্বাবধানে এবং ডঃ ভগবতী প্রসাদ শর্মার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসা দলের নিখুঁত প্রচেষ্টায় এই রোবটিক সার্জারি সফল রূপ পায়।

এই নতুন রোবটিক প্ল্যাটফর্মটি অত্যন্ত উন্নত এবং ভবিষ্যৎমুখী হওয়ায় এর মাধ্যমে নিখুঁত পরিকল্পনা ও নির্ভুলভাবে ইমপ্ল্যান্ট স্থাপন করা সম্ভব। সফদরজং হাসপাতালের এই যুগান্তকারী পদক্ষেপে সাধারণ মানুষ এবং প্রান্তিক রোগীরা এখন থেকে কোনো খরচ ছাড়াই বিশ্বমানের অত্যাধুনিক অর্থোপেডিক চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। চিকিৎসকদের মতে, এই প্রযুক্তি সরকারি স্বাস্থ্য পরিষেবার মান বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে এই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও বিভিন্ন ধরনের জটিল সার্জারি করার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *