সুমিতের স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না! আইনি জালে আরও গভীর জট?
বার্তা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার শুনানি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। তবে আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করবে মামলার পরবর্তী গতিপ্রকৃতি এবং এর মধ্যে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না।
এদিন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, একটি মামলায় আগাম জামিন খারিজ হওয়ার পর সুমিত শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেখান থেকে সাময়িক রক্ষাকবচ পেয়েছেন। অন্যদিকে সুমিতের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে একের পর এক নতুন মামলা দায়ের করা হচ্ছে। শালবনি জমি দুর্নীতি ও চাকরি মামলাসহ একাধিক অভিযোগের জেরে তৈরি হওয়া এই আইনি জটিলতায় রাজ্য পুলিশকে সমস্ত মামলার সম্পূর্ণ তালিকা ডিজি-র মাধ্যমে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।