যাদবপুর কাণ্ড সাজানো নাটক! ক্যাম্পাসে স্থায়ী ফাঁড়ি ও রেজিস্ট্রারের গ্রেফতারির দাবিতে সরব এবিভিপি-বিএমএস

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তিকে ‘সাজানো নাটক’ বলে তীব্র সুর চড়ালো এবিআরএসএম (ABRSM), এবিভিপি (ABVP) এবং বিএমএস (BMS)। সোমবার এক যৌথ সাংবাদিক বৈঠকে সংগঠনগুলির যৌথ নেতৃত্ব ক্যাম্পাসে লাগাতার অসামাজিক কার্যকলাপ ও বিশৃঙ্খলা বন্ধ করতে অবিলম্বে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবি জানিয়েছে।

একই সাথে সেদিনের সিসিটিভি ফুটেজ অপপ্রচার ও বিকৃতির অভিযোগে প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের গ্রেফতারির দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁকে বলির পাঁঠা বানাতে রাজনৈতিক চক্রান্ত করে সিসিটিভি ফুটেজ বাইরে ছড়ানো হয়েছে।

সাংবাদিক বৈঠকে অধ্যাপক ভাস্কর সর্দার প্রশ্ন তোলেন, ১৯ অগস্টের সাধারণ সভা (GB) নিয়ম মেনে ডাকা হয়েছিল কি না এবং মধ্যরাতে অরবিন্দ ভবনে উপস্থিত বহিরাগতদের চিহ্নিত করা হচ্ছে না কেন? ক্যাম্পাসের পরিবেশের জন্য ‘দিমাগি নকশাল’দের দায়ী করে তিনি জানান, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি হলে অন্দরের মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে বলেই একটি পক্ষ ফাঁড়ির বিরোধিতা করছে। এছাড়া বাম ছাত্র সংগঠনকে সুবিধা দিতে তড়িঘড়ি পরীক্ষা বাতিলের নোটিস জারি করা এবং ভাঙা ফলক পুনর্স্থাপনের সময় সিপিএম নেতার উপস্থিতি নিয়ে সহ-উপাচার্যের নিরপেক্ষতা তুলে ধরা হয়।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, আগামী ২৮ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে ‘বন্দে মাতরম্’ গাইবেন এবং তাঁর এই পরিদর্শনের পরই হয়তো বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অরাজকতার অবসান ঘটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *