মমতার দাবি নস্যাৎ শুভেন্দুর, অন্নপূর্ণার টাকা পেলেন ১ কোটি ৪৬ লক্ষ নারী!
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনায় সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষেরও বেশি যোগ্য নারীর অ্যাকাউন্টে ইতিপূর্বে সরাসরি প্রকল্পের টাকা পাঠিয়েছে সরকার। কোনও রাজনৈতিক বা ধর্মীয় পক্ষপাতিত্ব ছাড়া এই অর্থ বণ্টন করা হয়েছে জানিয়ে তিনি যোগ করেন, এই সুবিধার আওতায় এসেছে প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারও।
এর আগে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, নির্বাচনের পর নয়া বিজেপি সরকার নানা শর্ত চাপিয়ে মা-বোনেদের সুবিধা থেকে বঞ্চিত করছে। এর জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা এতদিন হিন্দুত্ব বা মতুয়া সম্প্রদায়ের দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করেছেন, তাঁদের মুখে এসব মানায় না।” তিনি আরও নিশ্চিত করেন যে, সাড়ে ৪ লক্ষের বেশি আবেদনের অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছে প্রশাসন।
সাংবাদিক বৈঠক থেকে মতুয়া ও হিন্দু শরণার্থীদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) আওতায় দ্রুত আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। বর্তমানে ঝুলে থাকা ২ লক্ষ ৭ হাজার আবেদনের পাশাপাশি নতুন আবেদনকারীদের শুনানি শেষ করে দ্রুত প্রত্যেকের হাতে ভারতীয় নাগরিকত্বের অফিসিয়াল সার্টিফিকেট তুলে দেওয়া হবে।