চিনা ব্র্যান্ডের ভিড়ে কি ফিরছে দেশি মোবাইল? আগামী বছরেই চমক দেবে ভারত!

বার্তা ডেস্কঃ

একসময় ভারতীয় স্মার্টফোন বাজারে মাইক্রোম্যাক্স, কার্বন ও লাভার মতো দেশীয় ব্র্যান্ডগুলির দারুণ জনপ্রিয়তা থাকলেও সময়ের সঙ্গে চিনা সংস্থাগুলির আগ্রাসী বিপণন ও প্রতিযোগিতামূলক দামের জেরে সেগুলি পিছিয়ে পড়ে। তবে এবার সেই চিত্র বদলানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাম্প্রতিক মন্তব্য অনুযায়ী, নতুন মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের আওতায় একটি শক্তিশালী ভারতীয় ব্র্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে তিনটি সম্ভাবনাময় সংস্থাকে চিহ্নিত করা হয়েছে এবং আগামী ১০ থেকে ১৪ মাসের মধ্যে দেশের বাজারে অন্তত একটি নতুন দেশীয় ব্র্যান্ড আত্মপ্রকাশ করতে পারে।

সরকারের এই লক্ষ্য কেবল ফোন তৈরি করা নয়, বরং দেশীয় প্রযুক্তি ও নকশার ভিত্তিতে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্র্যান্ড গড়ে তোলা। তবে বর্তমান বাজারের শীর্ষস্থান দখল করে থাকা চিনা ও অন্যান্য বিদেশি সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করা নতুন দেশীয় ব্র্যান্ডগুলির জন্য সহজ হবে না। বাজার ধরতে হলে কেবল সাশ্রয়ী দাম নয়, উন্নত হার্ডওয়্যার, নির্ভরযোগ্য সফটওয়্যার এবং শক্তিশালী বিক্রয়োত্তর পরিষেবার সুদৃঢ় পরিকাঠামো তৈরি করতে হবে। সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরনো দিনের স্মৃতি কাটিয়ে ভারতের বাজারে ফের দেশীয় প্রযুক্তির জোরালো উপস্থিতি প্রতিষ্ঠিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *